যুক্তরাষ্ট্র-ইরান প্রথম দিনের সরাসরি আলোচনা শেষ, যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির কর্মকর্তাদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে।
শনিবার বিকেলে শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে এই বৈঠক চলে। শুরুতে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষ আলাদা কক্ষে অবস্থান করে এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীরা তাদের মধ্যে বার্তা আদান-প্রদান করেন।
তবে সন্ধ্যার দিকে আলোচনায় নতুন মোড় নেয়। মধ্যস্থতাকারী সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, পরে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন। এ সময় পাকিস্তানের মধ্যস্থতাকারীরাও আলোচনায় উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, উনিশশো ঊনআশি সালের ইসলামী বিপ্লবের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি বৈঠকে অংশ নিলেন। বিষয়টি আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা একই টেবিলে বসে সরাসরি আলোচনা করেছেন। এতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণ, পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক ভূমিকা এবং বৈশ্বিক নেতাদের ইতিবাচক বার্তার কারণে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশাবাদ আরও জোরদার হয়েছে।
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জে ডি ভ্যান্স। তার সঙ্গে ছিলেন জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ।
অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মোহাম্মদ বাকের গালিবাফ। তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।