মোদি দেশভক্ত নয়, দেশদ্রোহী: রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:০১ এএম
পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে গিয়ে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার একাধিক জনসভায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।
মালদা জেলার চাঁচোলের এক জনসভায় রাহুল গান্ধী অভিযোগ করেন, নরেন্দ্র মোদি নিজেকে দেশভক্ত দাবি করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন। তিনি বলেন, মোদি দেশভক্ত নন, তিনি দেশদ্রোহী।
তিনি আরও দাবি করেন, সংসদে এ বিষয়ে আলোচনা হলেও বিজেপির কোনো সংসদ সদস্য এর বিরুদ্ধে কথা বলেন না।
জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, বর্তমানে বিশ্বে তথ্যই সবচেয়ে বড় শক্তি। সেই তথ্য বিদেশি শক্তির হাতে তুলে দিয়ে দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দেশে ঘৃণা ও বিভাজন ছড়াচ্ছে। তার ভাষায়, “আমরা দেশে ঐক্য ও ভ্রাতৃত্ব চাই। ঘৃণার রাজনীতি দেশকে দুর্বল করে দেয়।” এ সময় তিনি তার ভারত জোড়ো যাত্রার কথাও উল্লেখ করেন।
নির্বাচনী তালিকা থেকে নাম বাদ পড়ার প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে বাদ পড়া ভোটারদের আবার তালিকাভুক্ত করা হবে। একই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে ভোটে প্রতারণার অভিযোগ তোলেন।
এদিন বক্তব্যে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও সমালোচনা করেন তিনি। রাহুলের অভিযোগ, সরকারের অধিকাংশ সুবিধা আদানি গোষ্ঠী পাচ্ছে।
অন্যদিকে একই দিনে হাওড়ার জগৎবল্লভপুরে নির্বাচনী প্রচারে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এত মিথ্যাচার, অত্যাচার ও দুর্নীতি আগে কখনো দেখেননি। বিজেপিকে তিনি বিষধর সাপের সঙ্গে তুলনা করেন এবং বলেন, দলটি দেশের জন্য বিপজ্জনক।
নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। প্রধান দলগুলো একে অপরের বিরুদ্ধে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে।