চীনা মুদ্রায় ইরানি তেল কিনছে ভারত, ডলার নির্ভরতা কমানোর ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম
ভারত ইরান থেকে জ্বালানি তেল আমদানির মূল্য পরিশোধ করছে চীনের মুদ্রা ইউয়ানে। ওয়াকিবহাল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। লেনদেনটি ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে।
সূত্র অনুযায়ী, ইরান ও রাশিয়ার জ্বালানি তেল বিক্রির ওপর থাকা ত্রিশ দিনের নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই পরিস্থিতিতেই ভারতের ইরানি তেল আমদানি এবং বিকল্প মুদ্রায় অর্থ পরিশোধের বিষয়টি সামনে আসে। রয়টার্স জানায়, এপ্রিলের শুরুতে ভারতের রাষ্ট্রায়ত্ত বৃহৎ তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় বিশ কোটি ডলার সমমূল্যের প্রায় বিশ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করে।
এছাড়া ভারতের আরেক বড় জ্বালানি কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইতোমধ্যে ইরানি তেল বহনকারী চারটি জাহাজ থেকে তেল খালাস করেছে বলে জানা গেছে।
সূত্র বলছে, উভয় প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করেছে। ব্যাংকটির চীনের সাংহাই শাখার মাধ্যমে এই অর্থ লেনদেন সম্পন্ন করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের লেনদেন আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প মুদ্রার ব্যবহার আরও বাড়াতে পারে।