আল-আকসার ৪৮ বছরের মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র মসজিদুল আকসার সুপরিচিত মুয়াজ্জিন ও কারি শায়খ নাজি আল-কাজ্জাজ ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমে শত শত ফিলিস্তিনির উপস্থিতিতে তাকে শেষ বিদায় জানানো হয়। একইদিন মসজিদুল আকসা প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জেরুজালেমের একটি স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

চার দশকেরও বেশি সময় ধরে তিনি মসজিদুল আকসায় আজান দিয়ে আসছিলেন। ১৯৭৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে আজান দেওয়া শুরু করে টানা ৪৮ বছর তিনি এই দায়িত্ব পালন করেন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজানের পাশাপাশি তার সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত জেরুজালেমবাসীর হৃদয়ে গভীর স্থান করে নিয়েছিল।

জেরুজালেমের ঐতিহ্যবাহী কাজ্জাজ পরিবার বহু শতাব্দী ধরে মসজিদুল আকসায় আজানের দায়িত্ব পালন করে আসছে। সেই ধারার উত্তরসূরি ছিলেন শায়খ নাজি আল-কাজ্জাজ। বর্তমানে তার ছেলে ফেরাস আল-কাজ্জাজও একই দায়িত্ব পালন করছেন।

তার মৃত্যুতে মিসরের ধর্মমন্ত্রী ওসামা আল-আজহারি গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, শায়খ নাজি আল-কাজ্জাজের কণ্ঠ দীর্ঘদিন জেরুজালেমবাসীর হৃদয়ে আধ্যাত্মিক প্রশান্তি এনে দিয়েছে। তিনি ছিলেন নিষ্ঠা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত।

ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদও তার মৃত্যুতে শোক জানিয়ে বলেছে, তিনি আল-আকসার প্রতি ভালোবাসা ও জেরুজালেমে অবিচল থাকার প্রতীক ছিলেন। তার মৃত্যুর খবর মসজিদুল আকসার মাইক থেকে প্রচার হওয়ার পর পুরো এলাকায় শোকের পরিবেশ নেমে আসে।

দখলদার ইসরায়েলের নানা বিধিনিষেধ ও মুসলিম পরিচয় মুছে ফেলার প্রচেষ্টার মাঝেও শায়খ নাজি আল-কাজ্জাজের আজান ফিলিস্তিনিদের কাছে এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছিল। তার কণ্ঠে উচ্চারিত আজান আল-আকসার ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।

এনএফ৭১/একে

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970