যুক্তরাষ্ট্রকে ১৪ দফা শান্তি প্রস্তাব দিল ইরান, তেহরানের শর্তে কী আছে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:৪৪ পিএম
চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার নতুন শান্তি পরিকল্পনা পাঠিয়েছে ইরান। দেশটির দাবি, এটি কেবল সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নয়, বরং সংকটের স্থায়ী সমাধানই এর মূল লক্ষ্য।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এর আগে যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি প্রস্তাব দিয়েছিল। তার জবাবে তেহরান এই বিস্তৃত ১৪ দফা পরিকল্পনা দিয়েছে। পুরো প্রক্রিয়াটি পাকিস্তানের মধ্যস্থতায় এগোচ্ছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে— তারা কূটনৈতিক পথ বেছে নেবে, নাকি সংঘাত চালিয়ে যাবে।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানান, নতুন প্রস্তাবে প্রথম ধাপে যুদ্ধ বন্ধের জন্য কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে হামলা বন্ধের নিশ্চয়তা, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানি বন্দরে আরোপিত অবরোধ প্রত্যাহার।
পরবর্তী ধাপে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানানো হয়েছে। তবে এর বিনিময়ে তেহরানের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান।
তাসনিম নিউজের তথ্যমতে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাস সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে জানায়, সব সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই করতে হবে।
এ ছাড়া ইরানের নতুন প্রস্তাবে আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে— ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, সীমান্তবর্তী অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ অবরোধ তুলে নেওয়া, বিদেশে জব্দ ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহ দেখালেও তাদের প্রস্তাবের কিছু বিষয় নিয়ে তিনি সন্তুষ্ট নন। তার মতে, এমন কিছু শর্ত দেওয়া হয়েছে, যেগুলোর সঙ্গে তিনি একমত নন।