আবাসিক ভবনে ভয়াবহ আগুন, ছাদের দরজা বন্ধ থাকায় প্রাণ গেল ৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ভবনের ছাদের দরজা বন্ধ থাকায় অনেকেই বের হতে না পেরে প্রাণ হারান।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লির বিবেক বিহার এলাকার একটি আবাসিক ভবনে ভোররাতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসিন্দারা বের হওয়ার কোনো পথ পাননি। ফলে অন্তত ৯ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় ভবনের বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর অনেকেই পালানোর চেষ্টা করেন, কিন্তু ভবনের এক পাশে লোহার গ্রিল থাকায় বের হওয়া সম্ভব হয়নি। এছাড়া ছাদে যাওয়ার সিঁড়ির দরজাও তালাবদ্ধ ছিল।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ভবনটির নকশাগত ত্রুটিই উদ্ধার কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়ায়। ভবনটি ছিল চারতলা এবং ভূগর্ভস্থ তলা ছিল। সেখানে মাত্র একটি সিঁড়ি ছিল এবং কোনো জরুরি বের হওয়ার পথ ছিল না।

আগুন পেছনের দিক দিয়ে ছড়িয়ে পড়ায় অনেকেই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু লোহার গ্রিলের কারণে তা সম্ভব হয়নি। কেউ কেউ ধোঁয়ায় ভরা করিডোর দিয়ে ছাদে যেতে চাইলেও তালাবদ্ধ দরজার কারণে আটকে পড়েন। প্রচণ্ড ধোঁয়া ও তাপের কারণে অনেকেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

আগুনের সূত্রপাত ঘটে ভোর সাড়ে তিনটার দিকে। আগুন দ্রুত পাশের ভবনেও ছড়িয়ে পড়ে, কারণ দুই ভবনের মধ্যে কোনো ফাঁকা জায়গা ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ভেতর থেকে শিশু ও বাসিন্দাদের চিৎকার শোনা যাচ্ছিল। কেউ কেউ জানালা বা সামনের দিক থেকে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করলেও অধিকাংশই বের হতে পারেননি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970