জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৩:০৭ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর ও নওদা আসনে এগিয়ে থেকে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন আলোচিত রাজনৈতিক নেতা হুমায়ুন কবির। গত বছর মুর্শিদাবাদে ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এ ঘটনার পর তাকে তার দল তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।
দল থেকে বহিষ্কারের পরও রাজনৈতিক কর্মকাণ্ড থামাননি হুমায়ুন কবির। ২০২৫ সালের ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে তিনি ঘোষিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা। সেই দিনটির স্মরণে নতুন মসজিদ নির্মাণ কার্যক্রম শুরু করেন হুমায়ুন।
বর্তমান ভোট গণনায় এগিয়ে থেকে নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন তিনি। তার অভিযোগ, গত ১৫ বছরে দলটি দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়েছে এবং এখন তার ফল ভোগ করছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, বর্তমান পরিস্থিতি প্রত্যাশিত ছিল। তিনি দাবি করেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে তৃণমূল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে এবং বিপুল অর্থ আত্মসাৎ করেছে।
নিজের জয়ের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুইটি আসনেই তিনি নির্বাচন করেছেন এবং উভয় আসনেই জয়ী হবেন বলে বিশ্বাস করেন। দুপুরের মধ্যেই জয়ের আনুষ্ঠানিক সনদ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।