জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশে আসতে পারলেন না পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:৩৭ এএম
জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রখ্যাত পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরের বাংলাদেশে আসার ভিসা আবেদন নাকচ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢাকায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তিনি ভিসার আবেদন করেছিলেন, তবে সেটি অনুমোদন পায়নি।
নয়া দিগন্তে পাঠানো এক ই-মেইল বার্তায় হামিদ মীর জানান, তিনি গণমাধ্যমবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ সফরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু ভিসা না পাওয়ায় তার সফর বাতিল করতে হয়েছে।
তিনি আরও জানান, পরে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে তাকে বলা হয়—জামায়াতে ইসলামীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে এমন অভিযোগের কারণেই আবেদনটি ইতিবাচকভাবে বিবেচনা করা হয়নি।
উল্লেখ্য, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের উদ্যোগে গত ৮ ও ৯ মে ঢাকায় ‘বাংলাদেশ জার্নালিজম ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি শতাধিক সাংবাদিক, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
সম্মেলনের সমাপনী আলোচনায় বক্তারা দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, রাজনৈতিক চাপ, দলীয় প্রভাব এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে অনেক দেশে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে। এতে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যপ্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
এদিকে হামিদ মীর দাবি করেন, সম্প্রতি এক ভিডিও বক্তব্যে তিনি বাংলাদেশের রাজনীতি ও আঞ্চলিক কূটনীতি নিয়ে কিছু বিশ্লেষণধর্মী মন্তব্য করেছিলেন। তার ধারণা, সেই বক্তব্যের কারণেই তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার ধারণা তৈরি হয়ে থাকতে পারে।
তবে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে ভিসা আবেদন বাতিলের কারণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, এ ঘটনা দক্ষিণ এশিয়ার সাংবাদিকতা ও কূটনৈতিক অঙ্গনে রাজনৈতিক সংবেদনশীলতার বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।