কেরালায় বাম ঘাঁটিতে হিজাবি তরুণীর চমক, ইতিহাস গড়লেন ফাতেমা তাহলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

কেরালার রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। বামপন্থিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা আসনে জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী ফাতেমা তাহলিয়া। তিনি প্রতিদ্বন্দ্বী প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে এই বিজয় অর্জন করেন।

৩৪ বছর বয়সী তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে প্রায় ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন। এর মাধ্যমে তিনি দলের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমেই নিজের পরিচিতি গড়ে তোলেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং পরে কোজিকোড সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

পেশায় আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় কর্মরত আছেন।

তবে এই বিজয়ের পথ সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সাইবার হামলা ও অনলাইন হয়রানির শিকার হন। বিশেষ করে হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে তার যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।

সব বাধা অতিক্রম করে নির্বাচনী লড়াইয়ে জয় তুলে এনে ফাতেমা তাহলিয়া একটি শক্ত বার্তা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, বামপন্থিদের দীর্ঘদিনের ঘাঁটিতে এই ফলাফল কেরালার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970