মাত্র ১ ভোটের ব্যবধানে হারলেন তামিলনাড়ুর ডিএমকে মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৫১ পিএম
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দেখা গেল এক অবিশ্বাস্য ফলাফল। তিরুপাত্তুর আসনে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন রাজ্যের সমবায়মন্ত্রী এবং দ্রাবিড় মুনেত্র কাজগমের প্রভাবশালী নেতা কে আর পেরিয়াকারুপ্পান।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগমের প্রার্থী শ্রীনিবাস সেতুপতি পেয়েছেন ৮৩ হাজার ৩৭৫ ভোট। অন্যদিকে, কে আর পেরিয়াকারুপ্পান পেয়েছেন ৮৩ হাজার ৩৭৪ ভোট। ফলে মাত্র এক ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন সেতুপতি।
এ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কে সি থিরুমারান, যিনি পেয়েছেন ২৯ হাজার ৫৪ ভোট।
ভোটগণনার শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। শেষ দফার আগের রাউন্ড পর্যন্ত মন্ত্রী পেরিয়াকারুপ্পান ৩০ ভোটে এগিয়ে ছিলেন। তবে চূড়ান্ত গণনায় এসে মাত্র এক ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েন তিনি।
একজন বর্তমান মন্ত্রীর এমন পরাজয় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। বিশেষ করে তামিলগা ভেট্রি কাজগমের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও শক্তির ইঙ্গিত হিসেবে এই ফলাফলকে দেখা হচ্ছে।
এবারের নির্বাচনে ১০৮টি আসনে জয় পেয়ে থালাপতি বিজয়ের দল একক বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এতে রাজ্যের দীর্ঘদিনের দ্বিমুখী রাজনৈতিক ধারায় বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।