অবশেষে থালাপতি বিজয়ই হচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:২৬ পিএম
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের চেন্নাইয়ের বাড়ির সামনে সমর্থকদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ। ‘টিভিকে, টিভিকে’ স্লোগানে উদ্যাপন করছেন তারা। কারণ, অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন বিজয়। চারদিনের রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি।
জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করবেন থালাপতি বিজয়।
গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাঝাগম বড় ধরনের সাফল্য অর্জন করে। নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পায় দলটি। এর মধ্য দিয়ে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ ৬২ বছরের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা লাগে।
তবে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। রাজ্যপাল আর ভি আরলেকার স্পষ্ট জানিয়ে দেন, ১১৮ আসনের সমর্থন ছাড়া তিনি সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না।
বুধবার ও বৃহস্পতিবার দুই দফা বৈঠক হলেও রাজ্যপাল নিজের অবস্থানে অনড় থাকেন। তিনি জানান, ১১৩ জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গঠন সম্ভব নয়।
এ অবস্থায় আরও সমর্থন জোগাড়ে তৎপর হন থালাপতি বিজয়। কংগ্রেসের পাঁচজন বিধায়কের সমর্থনের পাশাপাশি বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এবং ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে আলোচনা শুরু করেন তিনি।
শুক্রবার দুপুরে রাজনৈতিক মহলে খবর ছড়িয়ে পড়ে, ভিসিকে এবং বামপন্থি দলগুলো শেষ পর্যন্ত বিজয়ের পক্ষেই অবস্থান নিয়েছে। তিনটি দল থেকে সমান দুটি করে আসনের সমর্থন পাওয়ার পর প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয় তার।
এর ফলে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।