তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়, শপথ আটকে গেল থালাপতি বিজয়ের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:৪৯ এএম
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন নাটকীয়তা তৈরি হয়েছে। সরকার গঠনের দৌড়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়।
শনিবার তার শপথ অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শুক্রবারও রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। তবে টানা তিন দিনের আলোচনার পরও তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যপাল জানিয়েছেন, বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে জোট এখনো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।
তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। গত ৪ মে ঘোষিত নির্বাচনী ফলাফলে বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। এরপর সরকার গঠনের জন্য বিভিন্ন আঞ্চলিক দলের সমর্থন পাওয়ার চেষ্টা শুরু করে দলটি।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, অন্তত চারটি দল টিভিকেকে সমর্থনের আশ্বাস দিয়েছে। সে হিসাবে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছানোর সম্ভাবনার কথা বলা হলেও শেষ পর্যন্ত জটিলতা দেখা দেয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বাস্তবে বিজয়ের জোটের নিশ্চিত আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৬। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য এখনো দুই আসন কম রয়েছে।
জানা গেছে, ভিসিকে ও আইইউএমএল নামের দুটি দলের সমর্থন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্যপালের কাছে ওই দুই দলের আনুষ্ঠানিক সমর্থনপত্র দেখাতে পারেননি বিজয়। পরে আইইউএমএল এক বিবৃতিতে জানায়, তারা টিভিকেকে সমর্থন দেবে না।
এদিকে টিটিভি নামের আরও একটি দলও বিজয়ের সরকার গঠনের উদ্যোগে সমর্থন না করার ঘোষণা দিয়েছে। ফলে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা ও অচলাবস্থার মুখে পড়েছে তামিলনাড়ু।