এবার বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তান যদি তাদের ভূখণ্ডে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে তারা বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে সে সিদ্ধান্ত ইসলামাবাদকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পাকিস্তানের বিরুদ্ধে এ কঠোর বার্তা দেন। ‘ইউনিফর্ম আনভেইল্ড’ প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া বন্ধ না করলে পাকিস্তানকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কী ধরনের জবাব দেবে। উত্তরে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, পাকিস্তান যদি অব্যাহতভাবে সন্ত্রাসবাদীদের লালন-পালন করে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায়, তাহলে তাদেরই ঠিক করতে হবে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে নাকি ইতিহাসে বিলীন হবে।

ভারতীয় সেনাপ্রধানের এ মন্তব্যের ফলে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এদিকে কয়েকদিন আগেই ভারত সরকার ও দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী পালন করেছে। গত বছরের মে মাসে কাশ্মীরের পাহালগামে ভয়াবহ হামলার পর পাকিস্তানভিত্তিক জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ভারত। ৭ মে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানো হয়, যা ‘অপারেশন সিন্দুর’ নামে পরিচিত।

এর জবাবে পাকিস্তানও পাল্টা সামরিক পদক্ষেপ নেয়। টানা ৮৮ ঘণ্টা দুই দেশের মধ্যে সংঘাত ও আকাশযুদ্ধ চলতে থাকে, যা পুরো দক্ষিণ এশিয়ায় পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি করেছিল।

পরে দুই দেশের কূটনৈতিক ও সামরিক পর্যায়ের আলোচনার মাধ্যমে ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছানো হলেও সাম্প্রতিক এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970