‘খামেনি হত্যার দায়ীদের শাস্তি পেতেই হবে’, প্রতিশোধের ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৫৮ পিএম
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
বুধবার পরিষদের মিডিয়া শাখার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জন্য দায়ী ব্যক্তি, পরিকল্পনাকারী ও সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পাশাপাশি ইরানের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং খামেনির পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারান।
এদিকে আগামী ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে রাজধানী তেহরান, কোম ও মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ইরাকের বাগদাদ, কাজিমাইন, কারবালা ও নাজাফ শহরেও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।