মহাত্মা গান্ধীর মূর্তির মুখে কালো কাপড়, উত্তপ্ত পশ্চিমবঙ্গের কাটোয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর একটি মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। কংগ্রেসের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে দলটি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২ জুলাই) সকালে কাটোয়ার স্টেশন বাজার এলাকায় স্থানীয়রা মহাত্মা গান্ধীর মূর্তিটিকে মুখ ও হাতে কালো কাপড় বাঁধা অবস্থায় দেখতে পান। ১৯৯৬ সালে তৎকালীন কংগ্রেস পরিচালিত কাটোয়া পৌরসভা মূর্তিটি স্থাপন করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো কাপড় সরিয়ে দেয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং অনেকে এর নিন্দা জানান।
কাটোয়ার মহকুমা শাসক রীনা ঘোষ জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এক গৃহহীন ব্যক্তি মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাটোয়ার সাবেক বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশবিরোধী। তিনি দায়ীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি অনিল দত্তও ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেন, ঘটনাটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে। তিনি বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ ও দর্শনকে এভাবে আড়াল করা সম্ভব নয়। গান্ধী শুধু ভারতের নয়, পুরো বিশ্বের কাছেই অনুপ্রেরণার প্রতীক। তাই দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের গ্রেফতার এবং কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।