মিয়ানমারে ৫ বছরে গৃহযুদ্ধে প্রাণ গেছে এক লাখের বেশি মানুষের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম
মিয়ানমারে গত পাঁচ বছরের গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতে এক লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। পর্যবেক্ষণ সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা’ (এসিএলইডি) বুধবার (২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করে। অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে তা পরবর্তীতে সশস্ত্র সংঘাতে রূপ নেয়।
বর্তমানে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে জান্তা বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এই সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। তবে এ পর্যন্ত সংঘাতজনিত প্রাণহানির কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি দেশটির সামরিক সরকার।
এসিএলইডির প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের পর শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত অন্তত ১ লাখ ১১৪ জন নিহত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ সংখ্যা নির্ধারণ করেছে সংস্থাটি।