গাজায় প্রায় ৩ লাখ বাড়ি ধ্বংস, তাঁবুতেই শীত কাটাচ্ছেন ফিলিস্তিনিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
ইসরায়েলি আগ্রাসনের দুই বছরে ফিলিস্তিনের গাজায় ধ্বংস হয়েছে প্রায় ২ লাখ ৮২ হাজারের বেশি বাড়িঘর। ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, শেল্টার ক্লাস্টার নামের একটি আন্তর্জাতিক মানবিক প্ল্যাটফর্মের দেয়া হিসাব অনুযায়ী এই বিপুল সংখ্যক ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ জানায়, শীত মৌসুম শুরুর আগেই লাখো মানুষ বাধ্য হয়ে তাঁবুতে আশ্রয় নিয়েছে। অতি সংকীর্ণ ও গাদাগাদি অবস্থায় এসব পরিবার প্রতিদিনই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা থেকে শুরু করে মৌলিক চাহিদা পূরণের লড়াই চালিয়ে যাচ্ছে।
সংস্থাটি জানায়, ইসরায়েলের লাগাতার হামলার কারণে চলমান যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। গত ১০ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও প্রতিদিনই ইসরায়েল তা লঙ্ঘন করছে। এতে নিয়মিতই হতাহত হচ্ছেন শত শত ফিলিস্তিনি। পাশাপাশি খাদ্য ও চিকিৎসাসামগ্রী গাজায় প্রবেশে বাধা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৬৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন—যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। অব্যাহত ধ্বংসযজ্ঞে পুরো গাজা উপত্যকা ক্রমেই অবাসযোগ্য হয়ে পড়ছে।