আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:০৫ পিএম
দেশজুড়ে টানা আন্দোলন ও বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার বিকেলে আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গত ১০ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে দুঃখ প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।
শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং চিকিৎসা শিক্ষার ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছিল ককরোচ জনতা পার্টি। এ দাবিতে দলটির নেতাকর্মীরা দিল্লিতে ধারাবাহিক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে আসছিলেন।
আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা কোনোভাবেই আন্দোলন প্রত্যাহার করবেন না। তাদের অভিযোগ, শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির দায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং মন্ত্রীরই বহন করা উচিত।
সরকারের কাছে তিন দফা দাবি উত্থাপন করেছিল ককরোচ জনতা পার্টি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নফাঁসে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়।
সরকার আন্দোলনকারীদের শেষের দুটি দাবি মেনে নিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি এতদিন ঝুলে ছিল। শেষ পর্যন্ত দীর্ঘদিনের আন্দোলনের চাপের মুখে দায়িত্ব ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান।