ভারতের পশ্চিমবঙ্গে ৬৫০ বছরের পুরোনো মসজিদে ‘শিবলিঙ্গ’ বসানোর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ৬৫০ বছরের পুরোনো এই মসজিদকে একটি হিন্দু মন্দিরের স্থান দাবি করে সেখানে শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছে হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’। ইতোমধ্যে মসজিদের পাশেই পূজা-অর্চনাও শুরু করেছে সংগঠনটি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সোমবার (২৭ জুলাই) মসজিদের বাইরে একটি বড় শিবলিঙ্গ স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সদস্য সমীক ভট্টাচার্যের নেতৃত্বাধীন সংগঠন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সমীক ভট্টাচার্য বিষয়টি সংসদে উত্থাপন করেন। তার দাবি, বাংলার সুলতান সিকান্দার শাহ ১৩৭৩ সালে আদিনা মসজিদ নির্মাণ করেন। তবে মসজিদটি নির্মাণে আগে থেকে সেখানে থাকা হিন্দু ও বৌদ্ধ স্থাপনার বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছিল।

তিনি আরও দাবি করেন, স্থানীয় জনশ্রুতি ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ওই স্থানে আগে শিব ও বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত আদিনাথ মন্দির ছিল। মসজিদের ভেতরে থাকা কিছু হিন্দু প্রতীক ও স্থাপত্যও সেই দাবির পক্ষে ইঙ্গিত দেয় বলে তার বক্তব্য।

এদিকে ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ সংগঠনের দাবি, আদিনা মসজিদে একটি শিবলিঙ্গসহ বহু হিন্দু ও বৌদ্ধ প্রতীক রয়েছে। এ বিষয়ে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ-এর প্রতিবেদন চেয়ে শিগগিরই কলকাতা হাইকোর্টে আবেদন করা হবে বলেও জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এই ঘটনাকে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সুযোগ পেলেই ধর্মীয় ইস্যুকে সামনে এনে বিভাজন ও সংঘাত তৈরির চেষ্টা করে এবং আদিনা মসজিদকে ঘিরে সাম্প্রতিক ঘটনাও তারই একটি উদাহরণ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970