এবার দলীয় এমপির পদত্যাগ, আরও চাপে মমতা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম
আর জি কর কান্ডের প্রতিবাদে এবার মমতার দল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য পদ ছাড়ার ঘোষণা দিলেন সাংসদ জহর সরকার। তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০২১ সালে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন প্রবীণ এই আমলা। জহর সরকার শুধু সংসদ সদস্য পদ-ই নয় বরং তৃণমূল প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে রাজনীতিও ছাড়ছেন বলে তার ঘোষণায় জানিয়েছেন।
তৃণমূল সাংসদের এই ঘোষণায় কার্যত তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে আরো চাপ বাড়ালো বলে মনে করা হচ্ছে।
এর আগে রাজ্য সরকারের দেয়া বিভিন্ন ক্যাটাগরির সম্মাননা ফিরিয়েছেন রাজ্যের বিশিষ্টজনরা। এমনকি রাজ্য সভার সাংসদ শুখেন্দু শেখর রায়ও তৃণমূল প্রশাসনের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছিলেন।
সাংসদ জহর সরকার এই বিষয়ে দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে দাবি করা হয়, তৃণমূলের প্রশাসনিক উদ্যোগে তারা ক্ষুব্ধ। মমতাকে লেখা চিঠির ছত্রে ছত্রে তৃণমূলের দুর্নীতি ও সরকারের অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন।
৯ আগস্ট রাতের ডিউটি করার সময় আর জি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। অভিযোগ উঠে, তৃণমূল কংগ্রসের প্রশাসনের পুলিশ ও স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে। অভিযোগ উঠে কলকাতা পুলিশের বিরুদ্ধেও।
এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নামেন। সেই আন্দোলনে সাড়া দিয়ে গোটা ভারতের মানুষ বিক্ষোভে নামে। শুধু চিকিৎসকরাই এখন পথে নেই, পথে রয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রয়েছেন তৃণমূলবিরোধী প্রায় সব রাজনৈতিক শক্তি।