১২ হাজার বছর পর জেগে উঠলো ইথিওপিয়ার আগ্নেয়গিরি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:০৪ এএম

ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আফার অঞ্চলে হেইলি গুব্বি নামের প্রাচীন আগ্নেয়গিরিটি প্রায় ১২ হাজার বছর পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত করেছে। রোববার (২৩ নভেম্বর) কয়েক ঘণ্টা ধরে চলা এ অগ্ন্যুৎপাত থেকে উৎপন্ন ধোঁয়া ও আগ্নেয়ছাই ১৪ কিলোমিটার উচ্চতায় উঠে রেড সি পেরিয়ে ইয়েমেন, ওমানসহ মধ্যপ্রাচ্যের আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ সাইদ জানান, রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৫০০ মাইল উত্তর-পূর্বে, ইরিত্রিয়া সীমান্তবর্তী আগ্নেয়গিরিটি থেকে এর আগে কখনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই। তিনি বলেন, এখন পর্যন্ত মানুষ বা প্রাণীর ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও বহু গ্রাম ছাইয়ে ঢাকা পড়েছে, যা পশুপালনকারীদের জন্য খাদ্য সংকট তৈরি করতে পারে।

প্রায় ৫০০ মিটার উচ্চতার হেইলি গুব্বি আগ্নেয়গিরিটি রিফট ভ্যালির ভেতর অবস্থিত—যেখানে দুটি টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয়। ভলকানিক অ্যাশ অ্যাডভাইসরি সেন্টার (VAAC) জানিয়েছে, অগ্নেয়ছাইয়ের মেঘ ইথিওপিয়া ছাড়িয়ে ইয়েমেন, ওমান, ভারত ও উত্তর পাকিস্তানের আকাশেও পৌঁছে গেছে।

অগ্ন্যুৎপাতের সময় আফারের বিভিন্ন এলাকায় প্রচণ্ড শব্দ ও ধাক্কা অনুভূত হয়। স্থানীয় বাসিন্দা আহমেদ আবদেলা জানান, তার মনে হয়েছে যেন কোনও বোমা বিস্ফোরণ ঘটেছে এবং মুহূর্তেই আকাশ ছাইয়ে ঢেকে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতেও বিশাল ধোঁয়ার স্তম্ভ স্পষ্ট দেখা গেছে।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম নিশ্চিত করেছে, হেইলি গুব্বির সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটেছিল হোলোসিন যুগে—অর্থাৎ বরফ যুগের শেষ প্রান্তে প্রায় ১২ হাজার বছর আগে। এর পর থেকে আর কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড পাওয়া যায়নি। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরিবিদ সাইমন কার্নও জানিয়েছেন, হোলোসিন যুগের পর এই আগ্নেয়গিরির কোনো অগ্ন্যুৎপাতের ইতিহাস নেই।

অগ্ন্যুৎপাতের কারণে বিমান চলাচলে সতর্কতা জারি করেছে বিভিন্ন সংস্থা। ভারতের একটি ফ্লাইট আকাশে ছাইয়ের কারণে ইতোমধ্যে ফিরিয়ে আনা হয়েছে, কারণ আগ্নেয়ছাই জেট ইঞ্জিনের ভেতরে ঢুকে গেলে ইঞ্জিন বিকল হওয়ার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আকাশপথে ছাইয়ের প্রভাব আরও কয়েক দিন থাকতে পারে, ফলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970