হরমুজের নিরাপত্তায় ড্রোন, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করবে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:০৮ এএম
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা জোরদারে বড় ধরনের সামরিক প্রস্তুতির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভবিষ্যতে সম্ভাব্য বহুজাতিক মিশনের অংশ হিসেবে এই অঞ্চলে ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন মোতায়েন করা হবে।
প্রস্তাবিত এই মিশনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিনিধিরা ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নেন। ওই বৈঠকের পরই লন্ডন এই সিদ্ধান্ত জানায়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, মাইন শনাক্তকরণ ব্যবস্থা, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি এবং বিশেষ মাইন অপসারণ দল প্রস্তুত রাখা হয়েছে। এসব কার্যক্রম পরিচালনায় নতুন করে প্রায় ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার অর্থায়নের ঘোষণা দেওয়া হয়েছে।
এই বিশেষ পরিকল্পনার আওতায় রয়্যাল নেভির আধুনিক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে, যেখানে স্বয়ংক্রিয় ড্রোন নৌযান ব্যবহার করে সমুদ্রপথে সম্ভাব্য হুমকি শনাক্ত, অনুসরণ ও প্রতিরোধ করা হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। জাহাজটিতে থাকা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া অঞ্চলে অবস্থানরত টাইফুন যুদ্ধবিমানগুলোকে কৌশলগতভাবে আকাশ টহলের জন্য প্রস্তুত রাখা হবে। বর্তমানে এই অঞ্চলে এক হাজারেরও বেশি ব্রিটিশ সামরিক সদস্য মোতায়েন রয়েছে, যাদের মধ্যে ড্রোন প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও যুদ্ধবিমান স্কোয়াড্রনও অন্তর্ভুক্ত।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা পালন করছে। তার মতে, এই উদ্যোগ সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এর লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে এই বহুজাতিক মিশন পরিচালিত হবে এবং পরিস্থিতি অনুকূলে এলে দ্রুতই এটি সক্রিয় করা হবে।