৪ বছর ধরে পর্নোগ্রাফি সিনেমা তৈরি করছিল বাংলাদেশি যুবক, অতঃপর...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:১৭ এএম
বাংলাদেশে পর্নোগ্রাফি নিষিদ্ধ হওয়ায় ভারতে গিয়ে চার বছর ধরে পর্ন সিনেমা তৈরির নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বাংলাদেশি এক যুবক, রাসেল সিকদার। কলকাতার পার্শ্ববর্তী হুগলি জেলার ডানকুনি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মৃগালা মল্লিকপাড়া এলাকার একটি ফ্ল্যাটে নিয়মিত শুটিং হতো এসব নীলছবির।
অবশেষে গত শনিবার (২২ নভেম্বর) পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার স্ত্রী পরিচয়ধারী এক তরুণীকে উদ্ধার করে। পুলিশ জানায়, রাসেল ও ওই তরুণী সেখানে স্বামী–স্ত্রী হিসেবে থাকতেন। ফ্ল্যাটটিতেই তৈরি হতো পর্ন ভিডিও, যা রাসেল বিভিন্ন সাইটে বিক্রি করতেন।
ঘটনাটি ফাঁস হয় তরুণীর অভিযোগে। তিনি চুপিচুপি পুলিশের কাছে গিয়ে জানান—রাসেল তাকে কাজের প্রলোভনে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসে। পরে জোর করে স্ত্রীর পরিচয়ে আটকে রাখে এবং নিয়মিত পর্ন ভিডিওতে অভিনয় করতে বাধ্য করে। পাশাপাশি শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন তিনি।
কিছুদিন আগে রাসেল দুর্ঘটনায় আহত হলে সুযোগ পেয়ে তরুণী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রশাসনের সহযোগিতা চান। তার দেওয়া ঠিকানা অনুযায়ী শনিবার পুলিশ অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে।
পুলিশ নিশ্চিত করেছে, দুজনই বাংলাদেশি নাগরিক। সোমবার রাসেলকে শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠান। তরুণীকে আপাতত সেফ হোমে রাখা হয়েছে।
ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতা প্রকাশ পাল দাবি করেন—ডানকুনি বাংলাদেশিদের দখলে চলে যাচ্ছে, তাদের মাধ্যমেই চলছে পর্ন ভিডিও শুটিং। তবে স্থানীয় কাউন্সিলর এ অভিযোগ অস্বীকার করে জানান, তার এলাকায় কোনো বাংলাদেশি ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে—এ তথ্য তিনি জানতেন না। তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাইরে থেকে এসে কেউ যাতে এলাকায় অনৈতিক কর্মকাণ্ড না করতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।