ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৪০ পিএম

ছবি: সংগৃহীত

ভয়াবহ দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে ভেনেজুয়েলা। মুহূর্তেই বদলে গেছে হাজারো মানুষের জীবন। ধসে পড়েছে শত শত ভবন, ধ্বংসস্তূপে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত এক হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা স্বজনদের জীবিত ফিরে পাওয়ার আশায় দিন-রাত অপেক্ষা করছেন অসংখ্য পরিবার। তাদেরই একজন আন্দ্রেইনা ভ্যালেরিও। ভূমিকম্পের খবর পেয়ে কর্মস্থল থেকে ছুটে এসে তিনি খুঁজতে শুরু করেন তার এক বছর ১০ মাস বয়সী ছেলে সান্তিয়াগোকে।

জানা গেছে, ভূমিকম্পের সময় শিশুটি আন্দ্রেইনার সঙ্গী রামসেস মেন্ডোজার সঙ্গে শ্বশুরবাড়িতে ছিল। তবে ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান, পুরো ভবনটি ধসে পড়েছে।

পরিবারের সদস্যরা খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আন্দ্রেইনা জানান, তার সন্তানসহ পরিবারের একাধিক সদস্য এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তবুও তিনি আশা ছাড়ছেন না।

আন্দ্রেইনার ভাষ্য, প্রথমে ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীর সাহায্যের আকুতি শোনা যায়। পরে একটি শিশুর কান্নার শব্দও শুনতে পান তারা। তার বিশ্বাস, সেটি তার ছেলে সান্তিয়াগোরই কান্না।

বিভিন্ন দেশের উদ্ধারকারী দল অভিযান চালালেও এখন পর্যন্ত ওই স্থান থেকে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খালি হাতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। অনেকেই দিনের পর দিন না ঘুমিয়ে স্বজনদের খুঁজে ফিরছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বহু ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সরকার ও সামরিক বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশ নিলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক হলেও ভারী যন্ত্রপাতির সংকটে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকেই গুরুতর শারীরিক ও মানসিক আঘাত নিয়ে চিকিৎসাধীন। নিখোঁজ স্বজনদের ছবি হাতে হাসপাতাল ও আশপাশের এলাকায় খোঁজ চালিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে এই ভূমিকম্প।

সূত্র: বিবিসি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970