সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
সৌদি আরবের উত্তর উপকূলীয় রাস তানুরা এলাকায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাইলটও রয়েছেন।
রোববার (২৮ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। হেলিকপ্টারটি রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর মালিকানাধীন ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে থাকা সব আরোহীই সৌদি নাগরিক ছিলেন। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ইরানের সঙ্গে সংঘাতের জেরে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার রাস তানুরা তেল শোধনাগারে পুনরায় কার্যক্রম শুরু করে সৌদি আরামকো।