হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:০৬ এএম
হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামে বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন দমকলকর্মীসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। আগুন লাগার সময় অনেক বাসিন্দা ভবনের ভেতরেই আটকা পড়ে যান।
ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে রয়েছে আটটি ব্লক ও ১,৯০০–এর বেশি ফ্ল্যাট। বুধবার (২৬ নভেম্বর) আগুন লাগার পর মুহূর্তেই আকাশজুড়ে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। আগুন দ্রুত আটটি ব্লকের মধ্যে সাতটিতে ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের।
পুলিশ জানায়, আগুন লাগার পর বারবার আটকা পড়া মানুষের খবর পাওয়া যায়। উদ্ধার অভিযানে একজন পুরুষ ও একজন নারীকে অচেতন ও দগ্ধ অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিকভাবে আগুনকে ‘১ নম্বর অ্যালার্ম অগ্নিকাণ্ড’ হিসেবে শনাক্ত করা হয়েছিল। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় বিকেল ৩টা ৩৪ মিনিটে তা ‘৪ নম্বর অ্যালার্ম’-এ উন্নীত করা হয় এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সর্বোচ্চ স্তর—‘৫ নম্বর অ্যালার্ম’—ঘোষণা করা হয়। হংকংয়ে আগুনের তীব্রতা ১ থেকে ৫ নম্বর স্কেলে নির্ধারণ করা হয়।
ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটের বাইরের বাঁশের ভারা আগুনে পুড়ে গেছে এবং সবুজ ভারা জালের জ্বলন্ত অংশ নিচে পড়ে রয়েছে। উদ্ধার তৎপরতা রাত পর্যন্ত অব্যাহত ছিল।