১৮ ঘণ্টা পরও জ্বলছে হংকংয়ের হাউজিং কমপ্লেক্স, নিহত বেড়ে ৪৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

১৮ ঘণ্টা পরও জ্বলছে হংকংয়ের হাউজিং কমপ্লেক্স, নিহত বেড়ে ৪৪। ছবি: সংগৃহীত

হংকং–চায়নার উত্তরাঞ্চলীয় একটি হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪-এ। ঘটনার ১৮ ঘণ্টা পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। আটটি ব্লকের মধ্যে এখনো চারটিতে আগুন জ্বলছে। নিখোঁজ রয়েছেন অন্তত ২৭৯ জন।

দেশটির গত আট দশকের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে জানাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুন নেভাতে ৭০০–এর বেশি দমকলকর্মী নিযুক্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে আটক করা হলেও আগুনের সূত্রপাত এখনো অজানা।

স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আগুনের খবর পাওয়া যায়। দ্রুতই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক দমকলকর্মী।

প্রায় দুই হাজার অ্যাপার্টমেন্টসমৃদ্ধ এই আট ব্লকের হাউজিং কমপ্লেক্সে মূলত বয়স্কদের বসবাস। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী কমপ্লেক্সটিতে প্রায় ৪ হাজার ৬০০ মানুষ থাকেন। তবে সংস্কারকাজ চলায় ঠিক কতজন সেখানে অবস্থান করছিলেন, তা নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডকে "লেভেল-ফাইভ" ক্যাটাগরিতে শ্রেণিবদ্ধ করা হয়েছে—যা ভয়াবহতার সর্বোচ্চ স্তর।

হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে। নির্মাণশ্রমিকদের জন্য স্থাপিত বাঁশের মাচা আগুনের বিস্তারে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। আশপাশের ভবনগুলো খালি করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। একই সঙ্গে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

এদিকে, ভয়াবহ এই ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিভিন্ন দেশের নেতারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970