ইমরান খানের মৃত্যুর খবরে পাকিস্তানে তোলপাড়, যা বলল কারা কর্তৃপক্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবে দেশ জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার তিন বোন অভিযোগ তুলেছেন, ভাইয়ের সঙ্গে দেখা করতে বারবার অনুরোধ করলেও অনুমতি দেওয়া হচ্ছে না। তারা কারাগারে সাক্ষাতের দাবিতে গেলে পুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন।
আদিয়ালা কারাগারের বাইরে তাদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংস আচরণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আদিয়ালা কারাগারের বাইরে হাজার হাজার পিটিআই নেতাকর্মী সমবেত হয়েছেন।
এ পরিস্থিতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান আদিয়ালা কারাগারেই আছেন। তাকে অন্য কোথাও সরানোর খবর ভিত্তিহীন। তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন।
ইমরান খান ২০২২ সালের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতি, সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা এবং রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মতো অভিযোগ ওঠে। ২০২৩ সালে গ্রেপ্তার হন তিনি। একবার জামিন পেলে পুনরায় গ্রেপ্তার করা হয়। আগস্ট ২০২৩ থেকে তিনি কারাগারে আছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তার দাবি, খাবারের মেন্যু, টেলিভিশন, ব্যায়ামের যন্ত্রপাতি এবং ডাবল বেডসহ সব ব্যবস্থা রয়েছে। তিনি চাইলে যেকোনো চ্যানেল দেখতে পারেন।