এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম
ব্রিটেনভিত্তিক বিশ্বখ্যাত রেকর্ড সংস্থা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইসরায়েলের কাছ থেকে নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন আর বিবেচনা করবে না বলে ঘোষণা দিয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তারা বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আসা কোনো আবেদন প্রক্রিয়াকরণ করছে না। এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা হচ্ছে বলে ইসরায়েলের এক প্রতিষ্ঠান অভিযোগ করেছে।
ইসরায়েলের কিডনি দান উৎসাহদাতা প্রতিষ্ঠান মাতনাত চাইম নতুন রেকর্ডের জন্য আবেদন করার পরই এই সিদ্ধান্ত আসে। সংস্থাটি ফিলিস্তিনি অঞ্চলে দুই হাজারের বেশি দাতাকে সংগঠিত করেছে, যারা অপরিচিত মানুষের কিডনি দান করেছেন। এই দাতাদের একটি গ্রুপ ছবি তুলে গিনেসে আবেদন পাঠানো হয়।
ইসরায়েলি চ্যানেল এন১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, গিনেস কর্তৃপক্ষ হঠাৎ আবেদন প্রক্রিয়া স্থগিত করে ইমেইলের মাধ্যমে জানিয়েছে, তারা এখন কোনো আবেদন গ্রহণ করছে না। এ সিদ্ধান্ত পশ্চিম তীর ও গাজা অঞ্চলেও প্রভাব ফেলছে।
মাতনাত চাইম-কে পাঠানো চিঠিতে গিনেস জানিয়েছে, "বর্তমানে আমরা ইসরায়েল থেকে আসা কোনো রেকর্ড আবেদন পর্যালোচনা করছি না।" ইসরায়েলি প্রতিষ্ঠানটি গিনেসের এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রভাবিত বলে মনে করছে। তবে গিনেস এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করেনি।