ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ এএম
ঋণের চাপে পাকিস্তান তাদের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রির জন্য নিলামে তুলছে। আগামী ২৩ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন, নিলামের সম্পূর্ণ প্রক্রিয়া দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। লোকসান কমাতে ও অর্থসংস্থানের জন্য পিআইএ’র ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নেওয়া ৭ বিলিয়ন ডলারের ঋণের শর্ত হিসেবে এই উদ্যোগ নিলাম প্রক্রিয়া শুরু হচ্ছে। এটি গত প্রায় ২০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারিকরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাথমিকভাবে নিলামে অংশগ্রহণের জন্য চারটি বেসরকারি কোম্পানি যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে—লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব করপোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।
শাহবাজ শরীফ বলেন, দেশের পতাকাবাহী বিমান সংস্থার ‘হারানো সম্মান’ ফিরিয়ে আনা এবং আধুনিক মানে রূপান্তর ঘটানোই এই প্রক্রিয়ার লক্ষ্য। তিনি আশাবাদ প্রকাশ করেন যে খুব শিগগিরই পিআইএ তাদের “গ্রেট পিপল টু ফ্লাই উইথ” স্লোগানের ঐতিহ্য ফিরে পাবে। পাশাপাশি তিনি জোর দেন, বেসরকারিকরণে স্বচ্ছতা ও যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
গত সেপ্টেম্বরে একটি সংসদীয় কমিটি জানিয়েছিল, নভেম্বরে পিআইএ বেসরকারিকরণ হতে পারে। তবে নির্ধারিত সময়সীমায় কাজ শেষ হয়নি। সম্প্রতি নিলাম প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য জাতীয় পরিষদের বেসরকারিকরণ সংক্রান্ত কমিটি স্পষ্ট সময়সীমা চেয়েছিল।
উল্লেখ্য, একসময় বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন পিআইএ চলতি বছরের জানুয়ারিতে ইউরোপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করে। নিরাপত্তাজনিত কারণে চার বছরের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এয়ারলাইনটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এর আগে, রিয়েল এস্টেট কোম্পানি ব্লু ওয়ার্ল্ড সিটির দেওয়া ৩৬ মিলিয়ন ডলারের বিড ৩০৫ মিলিয়ন ডলারের ন্যূনতম মূল্যসীমার অনেক নিচে থাকার কারণে পিআইএ বিক্রির একটি চেষ্টা ব্যর্থ হয়েছিল। প্রতিষ্ঠানটির ঋণ, কর্মীসংখ্যা ও সীমিত নিয়ন্ত্রণ ক্ষমতা তখন উদ্বেগের বিষয় ছিল।