মহাকাশ থেকে তোলা ছবিতে জ্বলজ্বল করছে পবিত্র কাবা শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
মহাকাশ থেকে তোলা একটি বিরল ছবি ঘিরে ইন্টারনেটে বড় ধরনের আলোড়ন তৈরি হয়েছে। নাসার মার্কিন নভোচারী ডন পেটিট পৃথিবীর কক্ষপথ—প্রায় ৪০০ কিলোমিটার ওপর থেকে রাতের বেলা মক্কা নগরীর এক চমকপ্রদ দৃশ্য ধারণ করেছেন। ছবিতে পুরো মক্কা শহর আলোকচ্ছটায় ভাসলেও সবচেয়ে বেশি নজর কাড়ছে কেন্দ্রে থাকা উজ্জ্বল সাদা আলো যা তিনি পবিত্র কাবা শরিফ হিসেবে চিহ্নিত করেছেন।
২ ডিসেম্বর নিজের এক্স অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ডন পেটিট লিখেছেন, “মহাকাশের কক্ষপথ থেকে তোলা ছবিতে সৌদি আরবের মক্কা। মাঝখানের উজ্জ্বল ছোট্ট এলাকাটি কাবা শরিফ ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। যা মহাকাশ থেকেও স্পষ্ট দৃশ্যমান।”
ছবিতে মসজিদুল হারামসহ মক্কার বিস্তীর্ণ নগর এলাকা দেখা যায়। পাহাড়বেষ্টিত উপত্যকার কেন্দ্রস্থলে অবস্থিত গ্র্যান্ড মসজিদের চারপাশে লাখ লাখ এলইডি ও সোডিয়াম লাইট রাতে শহরটিকে মহাকাশ থেকেও ঝলমলে করে তোলে। এই দৃশ্য দেখে অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারী বিস্ময় ও আবেগ প্রকাশ করেছেন।
একজন মন্তব্য করেছেন, “মহাকাশ থেকে দেখা কাবার আলো যেন পৃথিবীর নিজেরই চিরন্তন আলো, যার মাঝে এক পবিত্র আত্মার দীপ্তি ভেসে ওঠে।” অনেকেই ডন পেটিটকে এই বিরল দৃশ্য পৃথিবীবাসীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
ডন পেটিট শুধু অভিজ্ঞ নভোচারীই নন, তিনি খ্যাতিমান অ্যাস্ট্রো-ফটোগ্রাফারও। মহাকাশ থেকে ছবি তোলার প্রযুক্তিগত চ্যালেঞ্জকে শিল্পে রূপ দিতে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তার ক্যামেরায় ধরা পড়েছে স্টার-ট্রেইল, মেরু অঞ্চলের মনোমুগ্ধকর অরোরা, গভীর বনের ওপর বজ্রঝড়সহ বহু বিখ্যাত দৃশ্য।