ট্রাইব্যুনালে নিজেদের ফোনালাপ শুনে হাসলেন সালমান-আনিসুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। সোমবার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ আবেদন করা হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের আবেদন উপস্থাপন করেন। শুনানির শুরুতেই সালমান এফ রহমান ও আনিসুল হকের ব্যক্তিগত দায় সংক্রান্ত অভিযোগ পড়ে শোনানো হয়।
এক পর্যায়ে প্রসিকিউশনের পক্ষ থেকে ২০২৪ সালের ১৯ জুলাইয়ের একটি ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়। ফোনালাপে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হককে আন্দোলন দমনে ছাত্র-জনতাকে নির্মূল করার কথা বলতে শোনা যায়। একই সঙ্গে কারফিউ জারির পরামর্শও দেওয়া হয়। কথোপকথনের এক পর্যায়ে ‘এগুলো ফোনে বলা উচিত নয়’ বলেও উল্লেখ করতে শোনা যায়।
ফোনালাপটি শোনানোর সময় অভিযুক্ত সালমান এফ রহমান ও আনিসুল হক একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি করেন এবং নিজেদের মধ্যে কথা বলেন। এ সময় তারা প্রসিকিউশনের অভিযোগ মনোযোগ দিয়ে শুনছিলেন বলে আদালত সূত্র জানিয়েছে।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরুর আবেদন করেন।