সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মহানগর ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আশরাফুল আলম।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন চৌধুরী। পরে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের দিন তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনি এলাকায় মিছিলে অংশ নেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। এ সময় আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়।

এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970