জামিন পেলেন কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ এএম
চট্টগ্রামে দায়ের করা একটি নালিশি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, এর আগে গত ৭ এপ্রিল মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। মামলার বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে দায়ের হওয়া এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ছয়জনকে আসামি করা হয়। দণ্ডবিধির আওতায় দায়ের করা মামলাটির তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
এর আগে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালত নির্ধারিত তারিখ দিয়েছিলেন।
অন্যদিকে, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়। হত্যা মামলায় ইতোমধ্যে পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে এবং বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।