কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৮ এএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর মরণাস্ত্র ব্যবহারের প্ররোচনা ও হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই আদেশের মাধ্যমে নির্ধারিত হবে, দুই নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হবে কি না।
এর আগে গত ২ মার্চ প্রসিকিউশন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করে। শুনানিতে প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেন, তৎকালীন সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন উসকানিমূলক বক্তব্য দেন এবং নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির প্ররোচনা দেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, তাদের নির্দেশনা ও ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী গত ১১ মার্চ শুনানিতে দুই আসামির অব্যাহতি চান। তিনি দাবি করেন, প্রসিকিউশন তাদের বিরুদ্ধে গ্রহণযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং হত্যাকাণ্ডে সম্পৃক্ততারও প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে।
উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিনটি আদেশ ঘোষণার জন্য নির্ধারণ করে। এর আগে নির্ধারিত সময় পরিবর্তন করে এই তারিখ ঠিক করা হয়।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন কামরুল ইসলাম। এরপর থেকে তারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।