অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:১৮ পিএম
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত সব ধরনের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে।
রিট আবেদনে ওই সরকারের আমলে নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মধ্যে রয়েছে আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তি—এসবের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি এসব বিষয় পর্যালোচনায় একটি পৃথক কমিশন গঠনের মাধ্যমে অনুসন্ধান চালানোর আবেদন জানানো হয়েছে।
এছাড়া সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে রিটে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।
সোমবার আইনজীবী নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য দুপুরে গণমাধ্যমকে জানানো হবে।
এর আগে একই আইনজীবী অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও শপথ গ্রহণকে চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। তবে সেই রিট খারিজ করে দেন হাইকোর্ট। পরবর্তীতে ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিলও করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ৬ আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। এরপর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
এর আগে রাষ্ট্রপতি সংবিধানের একটি অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের মতামত চান। পরে আপিল বিভাগ জানায়, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হলে রাষ্ট্রপতি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা নিয়োগ ও তাদের শপথ গ্রহণ করাতে পারবেন।