সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ দু’জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ১৯ এপ্রিল ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ এ পরোয়ানা জারি করেন।

মঙ্গলবার (৫ মে) আদালত সূত্রে এ তথ্য জানা যায়।

আদালত সূত্রে জানা গেছে, মামলার অন্য দুই আসামি হলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মোশাররফ হোসেন। এর মধ্যে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পলাতক রয়েছেন, আর মোশাররফ হোসেন আদালতে হাজিরা দিয়েছেন।

অন্যদিকে তোফায়েল আহমেদের পক্ষে তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আদালতে জানান, সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি কাউকে চিনতে পারছেন না এবং স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে।

আইনজীবী আদালতে আরও আবেদন করেন, তোফায়েল আহমেদের মানসিক অবস্থা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হোক এবং অভিযোগ গঠন শুনানি পিছিয়ে দেওয়া হোক। তবে আদালত এসব আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন।

আদালত সূত্রে আরও জানা যায়, ২০০২ সালে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তোফায়েল আহমেদ অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর করা হয় এবং পরে তা উত্তোলন করা হয়। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970