১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:১৮ পিএম
বাংলাদেশে ১৬ বছর বয়স পর্যন্ত শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে এসব মাধ্যমের অপব্যবহার রোধে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়। নোটিশটি পাঠান লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী।
নোটিশে বলা হয়েছে, বর্তমানে ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার শিশু-কিশোরদের মধ্যে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে আসক্তি তৈরি হয়ে তাদের স্বাভাবিক শৈশব বাধাগ্রস্ত হচ্ছে এবং তারা খেলাধুলা ও শারীরিক কার্যক্রম থেকে দূরে সরে যাচ্ছে।
এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি ভুয়া তথ্য, অপপ্রচার এবং আপত্তিকর কনটেন্ট সহজলভ্য হওয়ায় কিশোরদের মানসিক গঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নোটিশে অভিযোগ করা হয়, এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে এবং অনেকেই বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিচ্যুত হচ্ছে। এতে তাদের মধ্যে মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং অপরাধপ্রবণতা বাড়ছে।
এছাড়া অনলাইন গেম ও ক্ষতিকর কনটেন্টের প্রতি আসক্তি বাড়ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। অভিভাবকদের পর্যাপ্ত সচেতনতা না থাকায় অনেক সময় তারা শিশুদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারছেন না।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।