নেত্রকোণায় শিশু ধর্ষণ: রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:০৪ পিএম

ছবি: সংগৃহীত

নেত্রকোণার আলোচিত শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ওই শিক্ষককে আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মো. হেলাল উদ্দীনের মৃত্যুতে আইনজীবীরা কর্মবিরতি পালন করায় আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এ কারণে উন্মুক্ত আদালতে আসামিকে উপস্থাপন করা হয়নি। আগামী ২১ মে তাকে আবারও আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদে এই আলোচিত ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেই অনুযায়ী জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ডিএনএ নমুনা সংগ্রহের বিষয়ে তিনি জানান, এখনো তা সংগ্রহ করা হয়নি। এটি দীর্ঘ আইনি প্রক্রিয়া হওয়ায় কিছুটা সময় লাগছে। তবে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিমান্ড চলাকালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আখতারুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু ইতোমধ্যে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে এবং সেখানে ওই শিক্ষকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে।

গত সপ্তাহে র‌্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে গত বৃহস্পতিবার আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, উপজেলার একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে একাধিকবার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970