দুর্নীতির দুই মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন মেলেনি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:০১ পিএম

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে প্লট আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম। তিনি জানান, দুই মামলায় আসামিপক্ষ জামিন আবেদন করলেও দুদকের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া এসব সম্পদ দখলে রাখা, হস্তান্তর, রূপান্তর ও বিদেশে পাচারের অভিযোগও আনা হয়েছে।

জানা গেছে, দুদকের উপ-সহকারী পরিচালক পাপন কুমার শাহ গত বছরের ১১ সেপ্টেম্বর এ মামলাটি দায়ের করেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় দায়ের করা হয়।

একই দিনে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন। এ মামলায় বিচারপতি মানিকসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা এবং মিথ্যা হলফনামার মাধ্যমে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। পরে লিজের শর্ত ভঙ্গ করে প্লট অবৈধভাবে হস্তান্তর ও আত্মসাৎ করা হয়।

মামলার তথ্যমতে, বাড্ডা থানার ভাটারা এলাকায় জমি ও নির্মাণাধীন বাড়ি থাকার পরও হলফনামায় ভুল তথ্য দেন শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে রাজউকের কর্মকর্তাদের প্রভাবিত করে নিজের নামে প্লট রেজিস্ট্রি করিয়ে নেন তিনি।

এর আগে ২০২৪ সালের ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে বিজিবি তাকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970