বুলেটপ্রুফ জ্যাকেট পরে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘এই গরমে মরেই যাবো’
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:২১ পিএম
রাজধানীর আদালতে হাজিরা দিতে এসে তীব্র গরম ও নিরাপত্তা সরঞ্জামের কারণে অস্বস্তি প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় তার সঙ্গে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।
প্রথমে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সালমান এফ রহমানকে। আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে হাজতখানার দিকে নিয়ে যান। এসময় তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, “এই গরমে এসব পরে মরেই যাবো। অনেক গরম, খুব গরম।”
এরপর আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে।
পাঁচ মিনিট পর আরেকটি প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। তাকে পুলিশের কাঁধে ভর দিয়ে প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায়। তবে তার মাথায় হেলমেট ছিল না।
এসময় জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশে বলেন, “হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন। ব্যথা এখনো রয়েছে।” তবে কোন হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর এই প্রথম প্রকাশ্যে সালমান এফ রহমানকে কথা বলতে ও বিরক্তি প্রকাশ করতে দেখা গেল।
আদালত সূত্র জানিয়েছে, মানি লন্ডারিংয়ের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে সালমান এফ রহমান, আনিসুল হক ও সাদেক খানকে আদালতে আনা হয়েছে।