অন্তর্বর্তী সরকারের শপথকে বৈধ ঘোষণা করল আপিল বিভাগ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত রায় বহাল রাখে।

এর আগের দিন, বুধবার (৩ ডিসেম্বর) লিভ টু আপিলের শুনানিতে *অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ভ্রান্ত ধারণার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল। শুনানিতে আইনজীবীরা যুক্তি দেন—গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কারণ, যে সরকার শপথ নিয়েই সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতে দাঁড়িয়ে আবার সেই সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করা আত্মঘাতী যুক্তি।

অন্যদিকে, রিটকারীর পক্ষের মূল যুক্তি ছিল—৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সে মতামত দেওয়ার বাস্তব সুযোগ তাদের ছিল না। সেই অবস্থায় দেওয়া রেফারেন্স এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ—এমন দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। হাইকোর্ট রিট খারিজ করে জানায়—দেশের জনগণ যখন সরকারকে বৈধতা দিয়েছে, তখন এর বিরুদ্ধে প্রশ্ন তোলার সুযোগ নেই। এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন।

গত বছরের জুলাই–আগস্টে সংঘটিত অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নিতে ৮ আগস্ট শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ড. ইউনূসকে শপথ পাঠ করান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970