বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় দেন।
আদালত প্রাঙ্গণে বেশ কিছু আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিলও করেন।
আবুল সরকারের পক্ষে ১৫ থেকে ১৬ জন আইনজীবী আদালতে অংশ নেন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার।
আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী জানান, ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি হয়। সেই শুনানিতে জামিন নামঞ্জুর হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় আবেদন করা হয়। আদালত সোমবার দুপুরে শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।
জিন্নত আলী বলেন, আদালতে দোষী প্রমাণিত হলে আবুল সরকারকে ২ বছরের কারাদণ্ড বা জরিমানা, অথবা উভয় দণ্ড দেয়া যেতে পারে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরতাজ আলম বাহার জানান, “বাউলরা মহান আল্লাহ ও কোরআনকে না জেনে মনগড়া বক্তব্য প্রদান করতে না পারে, সে জন্য আমরা বিষয়টি আদালতের কাছে উপস্থাপন করেছি। আদালত আমাদের তথ্য সঠিক পাওয়ায় জামিন নামঞ্জুর করেছেন।”
উল্লেখ্য, মানিকগঞ্জের একটি পালাগানে আবুল সরকারের বিরুদ্ধে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। পরে সদর থানায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অপরদিকে, তার মুক্তির দাবিতেও বিভিন্ন বাউল সংগঠন কর্মসূচি পালন করেছে।