ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে তিনশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় এ মামলা করেন।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়নি।

ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে একদল দুর্বৃত্ত ছায়ানট ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ভবনের বিভিন্ন কক্ষের সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, আসবাবপত্রসহ তবলা, হারমোনিয়াম ও বেহালার মতো মূল্যবান বাদ্যযন্ত্র নষ্ট করা হয়। পাশাপাশি ভবনের নিচতলায় অগ্নিসংযোগ করা হয়।

ছয়তলা বিশিষ্ট ভবনের প্রতিটি তলাতেই হামলা চালানো হয় বলে জানায় কর্তৃপক্ষ। হামলার সময় বেশ কিছু ল্যাপটপ ও বৈদ্যুতিক সরঞ্জামও লুটপাট করা হয়। তবে এ ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।

ঘটনার পর ছায়ানট ভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970