জুমার পর হাদি হত্যার প্রতিবাদে দেশজুড়ে দোয়া ও বিক্ষোভ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ এএম
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি এবং তার রুহের মাগফেরাত কামনায় আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশব্যাপী বিক্ষোভ ও দোয়া-মোনাজাতের কর্মসূচি পালন করা হবে। ইনকিলাব মঞ্চের উদ্যোগে জুমার নামাজের পর দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে কর্মসূচির ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, ভারতের আধিপত্যবিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করা শহীদ হাদির হত্যার বিচার দাবিতে জুমার নামাজের পর দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে গণসংযোগ কার্যক্রম শেষ করে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
হাদি হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানাতে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেশব্যাপী এই কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।