নির্বাচন ও গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “তরুণরা রাজনীতিতে অংশ নিচ্ছে। আমি আশা করি তাদের অনেকেই নির্বাচনে জয়ী হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জুলাই চার্টার প্রস্তুত। ভোটের মাধ্যমে নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ।”
তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে দক্ষিণ এশিয়ার সম্ভাবনা অনেক সময় কাজে লাগানো যায় না। শিক্ষা এই অঞ্চলের তরুণদের নেতৃত্ব দিতে সক্ষম করে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, শিক্ষা কেবল চাকরির জন্য নয়, বরং সৃজনশীল, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলার মাধ্যম হওয়া উচিত। শিক্ষার্থীদের কল্পনাশক্তি, উদ্যোক্তা মানসিকতা এবং নতুন কিছু তৈরি করার আগ্রহ জাগাতে হবে।
সম্মেলন ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এতে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের মূল সেশনগুলোতে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, গবেষণা ও উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল রূপান্তর, কর্মসংস্থান বৃদ্ধি, উচ্চশিক্ষায় জেন্ডার ইস্যু এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সম্মেলনের সমাপ্তি হবে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ ঘোষণা করে।