নির্বাচন উপলক্ষে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন দিনের জন্য সারাদেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ভোটের দিন ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাবসহ কয়েক ধরনের যানবাহন ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ভোটগ্রহণের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান ও মাইক্রোবাস চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন। একই সঙ্গে জরুরি সেবায় নিয়োজিত গাড়ি, ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনকারী যান, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং যথাযথ প্রমাণ সাপেক্ষে বিমানবন্দরগামী যাত্রীদের যানবাহন চলাচল করতে পারবে।

এছাড়া দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য নির্ধারিত একটি করে গাড়ি রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচলের সুযোগ পাবে। সাংবাদিক ও জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিদের যানবাহন বা মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে চলাচল করতে পারবে।

নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল এবং জরুরি সেবার আওতাভুক্ত টেলিযোগাযোগ খাতের যানবাহনের ওপরও নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পাশাপাশি জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং আন্তঃজেলা বা মহানগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ বিবেচনায় আংশিক ছাড় দেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970