দেশেই তৈরি হবে ড্রোন, চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ এএম

ছবি: সংগৃহীত

দেশেই ড্রোন উৎপাদন ও সংযোজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। এ লক্ষ্যে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন (সিইটিসি) ইন্টারন্যাশনালের সঙ্গে সরকারি পর্যায়ের (জি-টু-জি) একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে দেশে আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) বা ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিইটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনী ও সিইটিসি যৌথভাবে দেশে আধুনিক ইউএভি বা ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন করবে। প্রকল্পের আওতায় প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি দক্ষ জনবল তৈরি, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কারিগরি সহযোগিতার সুযোগ থাকবে। এর ফলে দীর্ঘমেয়াদে ড্রোন উৎপাদনে দেশের স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে।

প্রাথমিকভাবে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী মিডিয়াম অল্টিটিউড লো এনডুরেন্স (MALE) এবং ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (VTOL) প্রযুক্তির ড্রোন তৈরি ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। এসব ড্রোন সামরিক ব্যবহারের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার কাজেও ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970