নির্বাচনে সারা দেশে মাঠে থাকবে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটাররা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনি দায়িত্বে মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে।
ঝুঁকি বিবেচনায় দেশের সব ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে কাজ করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
বিজিবি আরও জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। প্রয়োজন হলে এসব ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন করা হবে।