আসিফ-সাকিবের পালটা পোস্টে তোলপাড় ফেসবুক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ এএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ঘিরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি সাকিব আল হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পালটা পোস্টে ফেসবুকে তীব্র আলোচনা চলছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন সাকিব আল হাসান। ২০১৫ সালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে তোলা ছবিটি সংযুক্ত করে তিনি লেখেন— “শুভ জন্মদিন আপা।”
সাকিবের ওই পোস্টের কিছুক্ষণ পরই ফেসবুকে স্ট্যাটাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লেখেন—“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু, আমিই ঠিক ছিলাম। আলোচনা শেষ।”
তার এই পোস্টকে ঘিরে নেটিজেনদের মাঝে তুমুল প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে সরাসরি সাকিব আল হাসানের প্রতি বিরক্তি প্রকাশ করেন। পর্যবেক্ষক মহল ধারণা করছে, আসিফের “একজনকে পুনর্বাসন না করা” মন্তব্যের লক্ষ্যবস্তু ছিলেন সাকিব আল হাসান।
এমন ইঙ্গিত পাওয়ার পর কিছুক্ষণ পরই সাকিব আল হাসান নিজের ফেসবুকে আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন—
“যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”
প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরার একটি আসন থেকে জয়ী হয়েছিলেন সাকিব আল হাসান। তবে একই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এর ফলে এমপি পদ হারান সাকিব। এরপর থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
এ সময়ে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি অ্যাওয়ে সিরিজে দলের সঙ্গে যুক্ত হলেও পরবর্তীতে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান।